সভায় উত্তেজনা, জনতা-পুলিশ সংঘর্ষে আহত একাধিক

Spread the news

বরাক তরঙ্গ, ৭ আগস্ট : মেঘালয়ের সাউথ ওয়েস্ট খাসি হিলস জেলার ফ্লাংদিলোইন গ্রামে শুক্রবার হিমা ল্যাংরিনের সিয়েম নাংতেই সিং সিয়েমিয়ং আহ্বান করা সাধারণ সভা (ডরবার হিমা) ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি অশান্ত হয়ে উঠলে জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন সাধারণ মানুষ এবং একাধিক পুলিশকর্মী আহত হন।
জানা গেছে, হিমার প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে হিমার জমি ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না দেওয়ায় সভায় উপস্থিত বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। উপস্থিত বহু মানুষের অভিযোগ, জমি, কর, প্রশাসন এবং হিমা-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ তাদের দেওয়া হয়নি।

অভিযোগ আরও, সিয়েম কোনও স্পষ্ট ব্যাখ্যা না দিয়েই হঠাৎ সভা শেষ করার চেষ্টা করেন। এর জেরেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করলে অন্তত দুই থেকে তিনজন সাধারণ মানুষ আহত হন।

পুলিশ জানিয়েছে, সভা চলাকালীন সহিংসতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুই থেকে তিনজন সাধারণ নাগরিকের পাশাপাশি একাধিক পুলিশকর্মীও আহত হয়েছেন।

ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সাউথ ওয়েস্ট খাসি হিলস জেলা পুলিশ। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *