বরাক তরঙ্গ, ৫ জুলাই : অসম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তগুলির কথা ঘোষণা করেন।
রাজ্যের ১১২ নম্বর জরুরি পুলিশ পরিষেবাকে আধুনিকীকরণের জন্য ৯৭.৯০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় দেরগাঁওয়ের লাচিত বরফুকন একাডেমিতে একটি অত্যাধুনিক নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) স্থাপন করা হবে। পরিষেবা পরিচালনার জন্য ২০০টি পুলিশ ভ্যান মোতায়েন করা হবে এবং ১,০০০ জন চালক ও ২০০ জন যুবক-যুবতী নিয়োগ করা হবে। এই পরিষেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। জিআইএস (GIS) প্রযুক্তিনির্ভর ভ্রাম্যমাণ যানবাহনের মাধ্যমে পরিষেবা পরিচালিত হবে। প্রয়োজনে পুলিশ অ্যাম্বুলেন্স পরিষেবারও ব্যবস্থা করবে।
এছাড়াও বিধানসভার আসন্ন অধিবেশনকে সামনে রেখে একাধিক বিল নিয়ে আলোচনা হয়েছে। অসম পর্যটন উন্নয়ন ও নিবন্ধন (সংশোধনী) বিল বিধানসভায় উত্থাপন করা হবে। এই সংশোধনের মাধ্যমে হোটেল ও হোমস্টেগুলির বাধ্যতামূলক নিবন্ধনের ব্যবস্থা করা হবে।
বিশ্বনাথ চারিআলিতে একটি বৃহৎ দুধ প্রক্রিয়াকরণ (মিল্ক প্রসেসিং) ইউনিট স্থাপনের জন্য আমুলকে ৩৩ বিঘা জমি বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে প্রতিবেশী রাজ্য থেকে অসমে আসা পাথর ও বালির উপর কর আরোপ করা হবে। এ জন্য প্রয়োজনীয় আইনি সংশোধনও আনা হবে।
সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন থেকে সরকারি কর্মচারীরা নিজেদের খরচে বিদেশ ভ্রমণ করতে পারবেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে এই ধরনের ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। তবে বিদেশ সফরের আগে সরকারের পূর্বানুমতি নিতে হবে।
ক্ষুদ্র শিল্প স্থাপনের ক্ষেত্রেও নিয়ম অনেকটাই শিথিল করা হয়েছে। এখন থেকে সরকারি অনুমতি ছাড়াই আবেদন জমা দিয়ে ক্ষুদ্র শিল্প শুরু করা যাবে। এমনকি তিন বছর পর্যন্ত শিল্প নিবন্ধন ছাড়াও ব্যবসা পরিচালনা করা যাবে। আগে বিভিন্ন দপ্তরের অনুমোদন প্রয়োজন হলেও এখন শুধুমাত্র বাণিজ্য বিভাগের অনুমতি পেলেই শিল্প স্থাপন করা সম্ভব হবে।
সরকারি কাজের জটিলতা ও লালফিতার দৌরাত্ম্য কমাতে অসম জনবিশ্বাস বিল-এও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
অন্যদিকে, আগর (অগরউড) ব্যবসাকে সুশৃঙ্খল করতে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন মন্ত্রী কেশব মহন্ত, পীযূষ হাজরিকা এবং জয়ন্ত মল্ল বরুয়া।


