আগামী পাঁচ বছরের অর্থনৈতিক রূপরেখা তুলে ধরবে অসম বাজেট, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : গুয়াহাটিতে সোমবার থেকে শুরু হতে চলা অসম বিধানসভার বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নতুন মেয়াদের প্রথম বাজেট আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার রূপরেখা তুলে ধরবে।

মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রকাশিত ‘সংকল্প পত্র’-কেই ভিত্তি করে এই বাজেট তৈরি করা হয়েছে। তিনি বলেন, “এটি শুধু এক বছরের বাজেট নয়, আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন। ২০২১ সালেও আমরা একইভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সামনে রেখেছিলাম।”

কোন কোন খাতে বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে—এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট কিছু না জানালেও কৃষি, নবায়নযোগ্য শক্তি, শিল্প, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME), কর্মসংস্থান এবং স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়ার ইঙ্গিত দেন। তাঁর কথায়, “এটি আগামী পাঁচ বছরের অর্থনৈতিক ভিশন।”

MSME-র জন্য বড় ছাড়
বাজেট অধিবেশনের আগে মন্ত্রিসভা অসম মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (প্রতিষ্ঠা ও পরিচালনা সহজীকরণ) বিল, ২০২৬-এ অনুমোদন দিয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, নতুন আইনের মাধ্যমে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা প্রথম তিন বছর সরকারি অনুমতির জন্য অপেক্ষা না করেই নির্ধারিত নিয়ম মেনে আবেদন জমা দিয়ে শিল্প স্থাপন শুরু করতে পারবেন। তবে এই সুবিধা শুধুমাত্র অ-দূষণকারী ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

তিনি আরও জানান, শিল্পাঞ্চলের মধ্যে নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে শিল্প দফতরের সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স ব্যবস্থার মাধ্যমে সমস্ত অনুমোদন মিলবে। তবে শিল্পাঞ্চলের বাইরে শিল্প স্থাপন করতে হলে সংশ্লিষ্ট সব দফতরের অনুমতি নিতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই পদক্ষেপ অসম ইজ অব ডুয়িং বিজনেস (সংশোধনী) আইন-এর আওতায় আনা হয়েছে, যার লক্ষ্য প্রশাসনিক জটিলতা কমিয়ে বিনিয়োগ ও শিল্প স্থাপনকে আরও সহজ করা।

বাজেট অধিবেশনে উত্থাপিত হতে পারে যে বিলগুলি
অসম পর্যটন (উন্নয়ন ও নিবন্ধন) (সংশোধনী) বিল, ২০২৬
অসম শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্টস (সংশোধনী) বিল, ২০২৬
অসম মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (প্রতিষ্ঠা ও পরিচালনা সহজীকরণ) বিল, ২০২৬
অসম ইজ অব ডুয়িং বিজনেস (সংশোধনী) বিল, ২০২৬
অসম জন বিশ্বাস বিল, ২০২৬
গুয়াহাটি স্যাটেলাইট সিটি ডেভেলপমেন্ট অথরিটি (GSCDA) বিল, ২০২৬
অসম ল্যান্ড অ্যান্ড রেভিনিউ রেগুলেশন (সংশোধনী) বিল, ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *