বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী সোনাই শ্যামাকালী মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়। মন্দির প্রাঙ্গণে নতুন ভোগঘর নির্মাণের কাজের আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হলো আজ সকালে।

উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে সোনাই শ্যামাকালী মন্দিরের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নে একাধিক উদ্যোগ গ্রহণ করে আসছে মন্দির পরিচালন সমিতি। সমিতির সভাপতি প্রণব মজুমদার ও সম্পাদক ভজন সেন-সহ অন্যান্য সদস্যদের নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলেছে এই উন্নয়নমূলক কর্মযজ্ঞ। পাশাপাশি বরাক উপত্যকার অসংখ্য ভক্তের সহযোগিতাও এই উন্নয়নের পথকে সুগম করেছে।

নতুন ভোগঘর নির্মাণের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনুপমা নাথ। প্রয়াত স্বামী দক্ষিণারঞ্জন নাথের স্মৃতির উদ্দেশ্যে তিনি মন্দিরের তহবিলে ৮ লক্ষ ১ হাজার ১ টাকা দান করেছেন। উল্লেখ্য, এর আগেও মন্দিরের মূল প্রবেশদ্বার নির্মাণের জন্য তিনি ২ লক্ষ ১ টাকা অনুদান দিয়েছিলেন। তাঁর এই উল্লেখযোগ্য আর্থিক সহযোগিতায় এবার মন্দির প্রাঙ্গণে নির্মিত হতে চলেছে আধুনিক ভোগঘর।

শিলান্যাস অনুষ্ঠানে মন্দির পরিচালন সমিতির কর্মকর্তারা উপস্থিত ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি আগামী দিনেও মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন তাঁরা।



