রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারিত মানবেন্দ্র দত্ত চৌধুরী

Spread the news

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : হোজাইয়ের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অপসারিত হলেন অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষ্মণ প্রসাদ আচার্যের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হিতেশ ডেকাকে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই মানবেন্দ্র দত্ত চৌধুরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যকলাপ, নিয়োগ প্রক্রিয়া, আর্থিক ব্যবস্থাপনা এবং উপাচার্য পদে তাঁর নিয়োগের যোগ্যতা নিয়ে নানা অভিযোগ উঠছিল। কুটুম্ব সুরক্ষা পরিষদের সভাপতি সত্যরঞ্জন বরা একাধিকবার প্রকাশ্যে এসব অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিলেন।

গত ২ অক্টোবর গুয়াহাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সত্যরঞ্জন বরা অভিযোগ করেন, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্ধারিত বিধি লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি অসম বিশ্ববিদ্যালয়, শিলচর এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগও তোলেন তিনি।

সাংবাদিক সম্মেলনে বরার দাবি ছিল, অসম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে মানবেন্দ্র দত্ত চৌধুরীর নিয়োগ এবং তাঁর শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথিতে অসঙ্গতি রয়েছে। উপাচার্য পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজের বরাত, নিয়োগ প্রক্রিয়া এবং পিএইচডি-তে ভর্তির ফি নিয়েও অভিযোগ করেন। এ বিষয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৪ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদ জানায়, উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচার চালানো হচ্ছে। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের ২৪তম বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়ের দাবি, এ ধরনের প্রচার প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হচ্ছে। পাশাপাশি এক বিশ্ববিদ্যালয় আধিকারিকের বিরুদ্ধে বিধি মেনে বিভাগীয় প্রক্রিয়া চলার কথাও জানানো হয়েছিল।

এদিকে, উপাচার্য পদ থেকে মানবেন্দ্র দত্ত চৌধুরীর অপসারণের ঘটনায় হোজাইসহ রাজ্যের শিক্ষামহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সঙ্গে এই অপসারণের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। রাজ্যপালের নির্দেশের বিস্তারিত কারণ সামনে এলে বিষয়টি আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক হিতেশ ডেকা বর্তমানে নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ২৬ জুলাই তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি কৃষ্ণকান্ত হেন্ডিক রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গুয়াহাটির কে সি দাস কমার্স কলেজের অধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

উল্লেখ্য, ২০১৭ সালের অসম আইনের মাধ্যমে হোজাই কলেজকে উন্নীত করে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সাল থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে এর কার্যক্রম শুরু হয়। নতুন প্রশাসনিক দায়িত্বভার গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসে, এখন সেদিকেই নজর শিক্ষামহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *