বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মাতৃস্নেহের পরশ পাওয়ার পরিবর্তে জন্মের পর থেকেই মায়ের আক্রমণের শিকার হতে হয়েছে একরত্তি হাতিশাবক রাজাকে। বয়স মাত্র ১ মাস ১৮ দিন। গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে অবশেষে উন্নত চিকিৎসার জন্য অসমের লখিমপুর থেকে গুজরাটের জামনগরে অবস্থিত বনতারা নিয়ে যাওয়া হল রাজাকে।
ঘটনার সূত্রপাত গত ২ অক্টোবর। অসম-অরুণাচল সীমান্তবর্তী গোগামুখে জন্ম হয় হাতির শাবকটির। মালিক ভোলানাথ পেগু আদর করে তার নাম রাখেন রাজা। কিন্তু জন্মের পর থেকেই দুর্ভাগ্য পিছু ছাড়েনি তার। মাতৃদুগ্ধ পান করে মায়ের স্নেহে বেড়ে ওঠার পরিবর্তে বারবার মায়ের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে।

লখিমপুরের পহুমরা গ্রামে এই ঘটনাটি ঘটে। মাত্র ১২ বছর বয়সে মা হওয়া হাতিটির অস্বাভাবিক আচরণের কারণেই সদ্যোজাত শাবকটি আক্রান্ত হয় বলে জানিয়েছেন ‘এলিফ্যান্ট ম্যান অব এশিয়া’ খ্যাত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট হস্তী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ কুশল শর্মা। মায়ের আক্রমণে রাজার পিছনের একটি পা ভেঙে যায়। বর্তমানে সে নিজে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ভাঙা পায়ের কারণে তাকে বিশেষ ব্যবস্থায় ঝুলিয়ে রাখা হয়েছে।

রাজার উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তার মালিক ভোলানাথ পেগু বনতারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এ ক্ষেত্রে লখিমপুর পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের কয়েকজন চিকিৎসকও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এরপর প্রায় দেড় মাস আগে বনতারা কর্তৃপক্ষের তরফে পহুমরা গ্রামে পাঠানো হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও রাজার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে বনতারা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
মালিকপক্ষ ও বনতারা কর্তৃপক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী শুক্রবার বিশেষ চার্টার্ড বিমানে রাজাকে গুজরাটের জামনগরে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে বিমানে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। জরুরি চিকিৎসার জন্য বিমানে রাখা হয়েছিল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও।

রাজার চিকিৎসা, বিমান পরিবহণ এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্ত ব্যয়ভার বহন করছে বনতারা কর্তৃপক্ষ। মালিক ভোলানাথ পেগুসহ তাঁর পরিবারের তিন সদস্যও বিমানে করে জামনগর গিয়েছেন। রাজাকে বনতারা কর্তৃপক্ষের হাতে তুলে দিয়ে তাঁরা বাড়ি ফিরে আসবেন। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে রাজাকে পুনরায় মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
গুরুতর অসুস্থ একরত্তি হাতিশাবককে সুস্থ করে তোলার এই উদ্যোগে বনতারা কর্তৃপক্ষের ভূমিকাকে প্রশংসা জানিয়েছেন বহু মানুষ। সকলেরই একটাই প্রত্যাশা, চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠুক ছোট্ট রাজা। আবার ফিরে পাক স্বাভাবিক জীবন, মায়ের সান্নিধ্য ও শৈশবের আনন্দ।



