বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভাবনা শর্মার নিখোঁজ ও আত্মগোপনের ঘটনায় সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হতাশা ও মানসিক অবসাদের শিকার হয়েছিলেন ভাবনা। পুলিশ স্পষ্ট জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রেমিক নিহারজ্যোতি শর্মার বিরুদ্ধে ভাবনার ওপর মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি ভাবনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজের মোবাইল ফোনে খুলে রেখেছিলেন বলেও অভিযোগ। এই ঘটনার সূত্র ধরে জালুকবাড়ি থানার পুলিশ নিহারজ্যোতি শর্মার হাতিগাঁওস্থিত বাসভবনে অভিযান চালায়।
এদিন জালুকবাড়ি থানায় উপস্থিত হয়ে নিহারজ্যোতি শর্মা জানান, “আমি ভাবনা শর্মাকে চিনি। আমরা সম্পর্কে আছি। শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে সে আমাকে জানিয়েছিল যে ‘মাইলস ব্রনসন’-এ যাচ্ছে। এরপর সকাল ১১টা ২০ মিনিটে সে তার মাকে ‘I am in danger’ বলে বার্তা পাঠায়। এর বেশি কিছু আমি জানি না।”
ভাবনা গুয়াহাটিতে ফিরে আসার পর এডিসিপি মৈত্রী ডেকা জানান, ভাবনা মানসিক অবসাদে ভুগছিলেন এবং পুলিশকে কিছু গুরুত্বপূর্ণ তথ্যও জানিয়েছেন। তবে তার আত্মগোপনের পেছনে প্রেমজনিত কোনও কারণ রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও স্পষ্ট করে কিছু জানায়নি।



