পুলিশকর্মীর উপর হামলা চালিয়ে জেল থেকে উধাও ১৭ বন্দি, গ্রেফতার ৪

Spread the news

২৭ অক্টোবর : জেলের ভিতরেই অসুস্থতার নাটক‍! সেই ফাঁদে পা দিতেই বিপদ। এক পুলিশকর্মীকে জখম করে জেল থেকে এক সঙ্গে পালিয়ে যান ১৭ জন বন্দি। ঘটনাটি ঘটেছে সোমবার তামিলনাড়ুর থেনি জেলার থেক্কমপট্টি জেলে। বিচারাধীন বন্দির পালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই চার জনকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে খবর। পলাতক ১৭ জন বন্দির খোঁজে ১৭টি বিশেষ তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জেলের একই সেলে রাখা হয়েছিল ১৭ জন বিচারাধীন বন্দিকে। রাতের দিকে তাদের মধ্যে একজনের শরীর খারাপ হয়েছে বলে হইচই শুরু হয়। অসুস্থতার খবর পেয়ে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সেলের দরজা খুলে ভিতরে ঢোকেন। অভিযোগ, সেই সুযোগকেই কাজে লাগান বন্দিরা। পুলিশকর্মীরা ভিতরে ঢুকতেই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন বন্দিরা। বেধড়ক মারধর করে এক পুলিশকর্মীকে জখম করে জেল থেকে পালিয়ে যান ১৭ জন। এই হামলায় থাঙ্গাপান্ডি নামে এক পুলিশকর্মীর মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে জি ভিলাক্কু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দুই নিরাপত্তারক্ষীও সামান্য আহত হয়েছেন বলে খবর।

ঘটনার পরই তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন। পলাতক বন্দিদের খোঁজে ১৭টি বিশেষ দল গঠন করা হয়েছে। দক্ষিণ জোনের আইজি বিজয়েন্দ্র বিদারি জানিয়েছেন, তল্লাশি অভিযানে ইতিমধ্যেই এক বন্দিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী রিপোর্টে আরও তিন জনকে পুনরায় আটক করার খবর মিলেছে। ফলে বাকি ১৩ জনের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি পার্শ্ববর্তী ডিন্ডিগুল জেলায় ১৬টি জায়গায় নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মাদুরাই, ডিন্ডিগুল এবং ইদুক্কি-সহ পার্শ্ববর্তী জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে। এমনকি পলাতক বন্দিরা কেরলমে ঢুকে পড়তে পারেন, সেই আশঙ্কায় কেরলম সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে।
খবর : এই মুহূর্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *