খার্গের মন্তব্যের প্রতিবাদে গুয়াহাটিতে বিজেপির ধরনা

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : বিহারের পাটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত পিতার প্রতি অসম্মানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই অভিযোগের প্রতিবাদে সোমবার অসম রাজ্য বিজেপির গুয়াহাটি মহানগর জেলা কমিটির উদ্যোগে সরুসজাইয়ের ভোগেশ্বর বরুয়া ক্রীড়াক্ষেত্রের সামনে ধরনা কর্মসূচি পালন করা হয়।

সহস্রাধিক বিজেপি কর্মীর উপস্থিতিতে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে মহানগর জেলা সভাপতি তপন দাস, বিধায়ক রূপক শর্মা, যুব মোর্চার সভাপতি রাকেশ দাস, মহিলা মোর্চার সভানেত্রী পূরবী রায়, অনুসূচিত জাতি মোর্চার সভাপতি নবারুণ মেধি এবং কিষাণ মোর্চার সভাপতি পঙ্কজ বরবরাসহ দলের একাধিক প্রবীণ নেতা ও রাজ্যস্তরের পদাধিকারী উপস্থিত ছিলেন।

ধরনা চলাকালীন বিক্ষোভকারীরা ‘কংগ্রেস মুর্দাবাদ’, ‘মল্লিকার্জুন খাড়গে মুর্দাবাদ’, ‘রাহুল গান্ধী মুর্দাবাদ’ এবং ‘কংগ্রেস হায় হায়’ স্লোগান দিয়ে প্রতিবাদস্থল উত্তাল করে তোলেন।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পূরবী রায় কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন। তিনি বলেন, “কংগ্রেসের দ্বিমুখী চরিত্র দেশের মানুষ দীর্ঘদিন ধরেই দেখে আসছেন। এবার তারা নিজেরাই তা প্রমাণ করেছে। একটি জনসভায় ভারতের প্রধানমন্ত্রীর প্রয়াত পিতাকে অপমান করেছেন মল্লিকার্জুন খাড়গে। এই ঘটনার জন্য আমরা তাঁর পদত্যাগ এবং দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, বিজেপি নেত্রী রত্না সিং বলেন, “গতকাল পাটনায় মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর পিতাকে অপমান করেছেন। এর মধ্য দিয়ে কংগ্রেসের চরিত্র প্রকাশ পেয়েছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এবার তাঁর প্রয়াত পিতাকে অপমান করা হয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে আজ ভারতীয় জনতা পার্টি দেশজুড়ে প্রতিবাদ জানাচ্ছে।”

তিনি আরও বলেন, “মল্লিকার্জুন খাড়গের এই ধরনের মন্তব্য দেশের মানুষ মেনে নেবেন না। ভারতের জনগণ প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন। কংগ্রেস, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বলেই তাঁরা যা খুশি মন্তব্য করছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *