মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : অসম সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প অরুণোদয় ৩.০-এর আনুষ্ঠানিক সূচনা শনিবার শ্রীভূমি জেলা গ্রন্থাগার প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার উপভোক্তার সমাগমে অনুষ্ঠানস্থল মুখর হয়ে ওঠে। নারী ক্ষমতায়ন, আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য বিষয়ক ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তারা। তাঁদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে প্রকল্পের সুবিধা তুলে দিয়ে অৰুণোদয় ৩.০-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, অরুণোদয় ৩.০ কেবল একটি সরকারি প্রকল্প নয়, বরং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পাশে অসম সরকারের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, পরিবারের নারী সদস্যদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং পরিবারের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। তাঁর কথায়, একজন নারী আর্থিকভাবে সক্ষম হলে তার সুফল গোটা পরিবার ও সমাজ পায়।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার ধারাবাহিকভাবে জনমুখী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে এবং অৰুণোদয় ৩.০ সেই উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় সহায়ক হবে।
অন্যদিকে, মন্ত্রী কৌশিক রায় বলেন, অরুণোদয় প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের লক্ষ লক্ষ পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। অরুণোদয় ৩.০-এর মাধ্যমে আরও বেশি প্রকৃত উপভোক্তার কাছে স্বচ্ছ ও দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, উন্নয়নের মূল স্রোতে সমাজের প্রতিটি মানুষকে যুক্ত করাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তারাও প্রকল্পটি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের মতে, এই আর্থিক সহায়তা সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানো, সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং কিছুটা সঞ্চয় গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, সিনিয়র পুলিশ সুপার নীলা দোলে, বিধায়ক বিজয় মালাকার, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, শ্রীভূমি পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, তিন ওয়ার্ড কমিশনার ধীমানকান্ত রায়, ছন্দারানি সিনহা ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ দেবতোষ পাল-সহ প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন আধিকারিক, জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।



