খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রি, গণধোলাই দুই যুবককে

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মে : কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের রাঁচি টিলা এলাকায় খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার দুই যুবক—মনসা মুন্ডা ও সুজিত ভূমিজ—খাসির মাংস বলে গরুর মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ উঠেছে। দু’জনেই চা বাগান শ্রমিক পরিবারের সদস্য এবং বহুদিন ধরে ওই এলাকায় মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাঁদের বিক্রি করা মাংস নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

অভিযোগ, মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা নিজেদের বাড়িতে মাংস কাটার সময় এলাকাবাসী তাঁদের হাতেনাতে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাঁদের মারধর করে। খবর পেয়ে সমাজসেবী অপু শীল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা গরুর মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেছেন।

এরপর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের কান ধরে ওঠবস করান এবং মাথার চুল কেটে দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের ভিড় জমে।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, কতদিন ধরে এই কাজ চলছিল এবং মাংসের উৎস কী—তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *