বরাক তরঙ্গ, ৩ নভেম্বর : প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মদিন উপলক্ষে আগামী ৪ নভেম্বর বুধবার শিলচরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছরই পূর্ণ হচ্ছে তাঁর জন্মশতবর্ষ। এই উপলক্ষে বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি ও শিলচরের অন্যতম নাট্যসংস্থা ভাবীকাল যৌথভাবে সপ্তম স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছে।

উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদ্যাপনের কর্মসূচি শুরু করেছিল বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি। এরপর শিলচর, হাইলাকান্দি, উধারবন্দ-সহ বিভিন্ন স্থানে ইতিমধ্যে ছয়টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মশতবর্ষের বর্ষপূর্তি অনুষ্ঠান আপাতত না করে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ও সৃষ্টিকর্ম নিয়ে নিয়মিত চর্চা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

সেই ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় দাস কলোনিতে ভাবীকাল নাট্যসংস্থার নিজস্ব নাট্যকর্মশালার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে সপ্তম পর্বের অনুষ্ঠান। চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতাকে স্মরণ করা হবে।
শহরের ঋত্বিক অনুরাগী, চলচ্চিত্রপ্রেমী দর্শক ও শ্রোতাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য যৌথভাবে আমন্ত্রণ জানিয়েছেন বরাক এন্টারটেনমেন্ট সোসাইটি, শিলচর এবং ভাবীকাল নাট্যসংস্থার কর্মকর্তারা।



