বরাক তরঙ্গ, ১৮ মে : আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগের শিক্ষার্থীরা শিলচরের পার্ক রোডস্থিত মধ্য সহর সাংস্কৃতিক সংস্থার কার্যালয়ে “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ” শীর্ষক এক চিত্রপ্রদর্শনীর আয়োজন করে। শনিবার সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারা এবং ১৯ মে ভাষা শহিদ দিবসের চেতনা শিল্পসম্মত উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ছিলেন সৌরভ ঋষি, রাহুল দাস, রাতুল দেবনাথ, তাপসী দে, অনুজা চৌধুরী, ত্রিদিশা দত্ত, ঋতম দাস, দীক্ষিতা মিশ্র এবং শুভপ্রিয়া দেব। তাঁদের শিল্পকর্মে ভাষা আন্দোলনের আবেগ, বাঙালির সাংস্কৃতিক পরিচয় এবং রবীন্দ্রচেতনার নানা দিক ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভিজ্যুয়াল আর্টস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নির্মলকান্তি রায় এবং বিভাগের সহযোগী অধ্যাপক ড. গণেশ নন্দী। আয়োজকদের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা জানানো হয়। এদিন অধ্যাপক রায় ও ড. নন্দী ১৯ মে-র ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন।



