বরাক তরঙ্গ, ৫ মে : ধর্মনগর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাহুল কিশোর রায়ের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা—হত্যা না আত্মহত্যা, তা নিয়ে উঠছে প্রশ্ন। পরিবারের দাবি, ঘটনার আগের দিন দুপুর ও রাতের দিকে কিছু দুষ্কৃতী এসে তাকে অপমান ও লাঞ্ছনা করে। তাঁদের মতে, এই মৃত্যুর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে।
পরে তার বাড়ির বাথরুম থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ দিকে, রহস্যজনক মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়েছেন দলীয় কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিজেপি শিবিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার সকাল থেকেই চন্দ্রপুর এলাকায় শুরু হয় পথ অবরোধ। বিক্ষোভে পুরপরিষদের চেয়ারপার্সন, একাধিক কাউন্সিলর এবং অসংখ্য কর্মী-সমর্থক অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিতে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে।



