শিলংয়ে পরপর চার বোমা হামলা, বাড়ানো হল নিরাপত্তা

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মেঘালয় সরকারের বিভিন্ন দফতর ও পুলিশ স্থাপনাকে লক্ষ্য করে বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পরপর চারটি বোমা হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলংয়ে। কোনও ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি। হামলাকারী ও হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। বৃহস্পতিবার ভোরে লাইটুমখরার ডিরেক্টরেট অব হেলথ সার্ভিসেস (ডিএইচএস) চত্বরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা পেট্রল বোমা ছোড়ে বলে অভিযোগ। এর জেরে চত্বরে আগুন ধরে যায়। পরে দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণ পরই নংমেনসঙে একটি পুলিশ বুথে আগুন ধরিয়ে দেওয়া হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে বুধবার রাতে লুমডিয়েংজরি থানায় পেট্রল বোমা হামলা হয়। বোমাটি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের ঘরের পিছনের অংশে আঘাত করে। এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার সন্ধ্যাতেও রিসা কলোনিতে ডিরেক্টরেট অব মিনারেল রিসোর্সেস (ডিএমআর) দফতরে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটে। এতে ডিএমআর-এর এক কর্মীর ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, সবকটি ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শিলংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রমাণ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে সমন্বিত এই হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

পরপর হামলার পর শিলংয়ের সরকারি দফতর, পুলিশ স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *