দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর: উৎসবের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন পালন করল ধলাই বিজেপি। জন্মদিন উপলক্ষে ধলাইয়ের রামপ্রসাদপুর ফ্লাইওভারে আয়োজন করা হয় বিশেষ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি। ফ্লাইওভারের উপর একসঙ্গে প্রায় পাঁচ হাজার প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি আতশবাজির আয়োজনও করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে ধলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাশ-সহ প্রায় দুই হাজার বিজেপি কর্মকর্তা ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সারিবদ্ধভাবে প্রদীপ প্রজ্বলনের ফলে আলোয় ঝলমল করে ওঠে রামপ্রসাদপুর ফ্লাইওভার। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে তাঁর নেতৃত্বে চলমান কর্মসূচির প্রতি সমর্থন জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমিয় কান্তি দাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশকে আরও শক্তিশালী ও উন্নত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। ‘বিকশিত ভারত’ গড়তে সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন তিনি।
শিলচরের সাংসদের ধলাই প্রতিনিধি শশাঙ্কচন্দ্র পাল বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। রাজ্য বিজেপির কোষাধ্যক্ষ কৃষ্ণজীবন দেবনাথও প্রধানমন্ত্রীর দীর্ঘ কর্মজীবন ও জনসেবার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে শশাঙ্কচন্দ্র পাল, ভূষণ পাল, অপূর্ব দাস-সহ বিভিন্ন মণ্ডলের সভাপতি এবং বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন।



