মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : সর্বভারতীয় কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে কথিত অপমানের প্রতিবাদে করিমগঞ্জে সত্যাগ্রহ কর্মসূচি পালন করল জেলা কংগ্রেস। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে শুক্রবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের উদ্যোগে ইন্দিরা ভবন প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে ইন্দিরা ভবনের সামনে ব্রিজ রোড এলাকায় উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়।
জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই-সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সত্যাগ্রহে অংশ নেন। দলীয় পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তাঁরা কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে স্লোগান দেন। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা কর্মসূচিতে ব্রিজ রোড এলাকা কংগ্রেস কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
কর্মসূচিতে সভাপতিত্ব করে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ অভিযোগ করেন, উত্তরাখণ্ডের হালদোয়ানিতে মল্লিকার্জুন খাড়গের একটি সভা শেষ হওয়ার পর কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য গঙ্গাজল দিয়ে সভাস্থল পরিষ্কার করেন। খাড়গে দলিত সম্প্রদায়ের নেতা হওয়ায় সভাস্থল ‘অশুদ্ধ’ হয়ে পড়েছিল—এমন দাবি করা হয়েছিল বলে তিনি জানান। তাঁর বক্তব্য, এই ঘটনা শুধু একজন রাজনৈতিক নেতাকে নয়, গোটা দলিত সমাজকেই অপমান করার শামিল।
তাপস পুরকায়স্থ বলেন, ঘটনার প্রতিবাদে রাহুল গান্ধী-সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সরব হয়েছে। দেশজুড়ে কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সামিল হচ্ছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই করিমগঞ্জে সত্যাগ্রহের আয়োজন করা হয়েছে।
সত্যাগ্রহে অংশ নিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বলেন, ভারত সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের দেশ। সংবিধান প্রত্যেক নাগরিককে সমান অধিকার দিয়েছে। তাই বিভেদ, ঘৃণা ও মেরুকরণের রাজনীতির কোনও স্থান গণতান্ত্রিক ভারতে থাকা উচিত নয়।
তিনি অভিযোগ করেন, বিজেপি ও তাদের সমর্থিত কিছু উগ্র সংগঠন দেশে বিভাজনের রাজনীতি করছে। একজন দলিত নেতাকে অপমানের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। কংগ্রেস সাম্য, সামাজিক সম্প্রীতি ও সংবিধানের মূল্যবোধ রক্ষায় আন্দোলন চালিয়ে যাবে বলে জানান বিধায়ক।

কর্মসূচিতে বক্তারা ঐক্য, সামাজিক ন্যায় ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। দলিত, সংখ্যালঘু ও আদিবাসী-সহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষের মর্যাদা ও সাংবিধানিক অধিকার রক্ষায় কংগ্রেস ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে বলে তাঁরা জানান।
সত্যাগ্রহে জেলা কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, শুভঙ্কর দাস, নবেন্দু শর্মা পুরকায়স্থ, অনুরাগ দত্ত, ওহী রঞ্জন দে, আসুক উদ্দিন, গৌরাঙ্গ দে, ধ্রুবজ্যোতি দাস, টিনা সেন, জ্যোতিষ পুরকায়স্থ, সুস্মিত দেব, জয়দীপ দাস, রিনা চক্রবর্তী, কমর উদ্দিন, শঙ্কু পাল চৌধুরী, রানা আচার্য, হাসিনা রহমান-সহ জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই ও বিভিন্ন শাখা সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
করিমগঞ্জের এই কর্মসূচির মাধ্যমে সংবিধানের মূল্যবোধ, সামাজিক সমতা ও সম্প্রীতির প্রশ্নে আপসহীন থাকার বার্তা দিয়েছে কংগ্রেস। কর্মসূচিকে ঘিরে করিমগঞ্জের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা।



