বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুন : ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে ফের অভিযান কাছাড় পুলিশের। বৃহস্পতিবার রাতে এক বিশেষ অভিযানে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া প্রথম অভিযুক্ত হলেন বিশ্বজিৎ সিংহ (৫৩)। তিনি প্রয়াত সুরজিৎ সিংহের পুত্র এবং কচুদরম থানার অন্তর্গত বনতারাপুর এলাকার বাসিন্দা। সোনাই থানায় দায়ের হওয়া মামলা নং ৬৪/২০২৫-এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, দ্বিতীয় অভিযুক্ত বিক্রম সিংহ (২৬) বিদ্যুৎ সিংহের পুত্র। তিনি কাছাড় জেলার শিলচর থানার অধীন তারাপুরের মণিপুরবস্তি, রায়গড় এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে শিলচর থানায় মামলা নং ৫৮০/২০২৬-এ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩১৬(২), ৩১৯(২), ৩৩৬(২), ৩৪০(২), ১২৫ এবং ২৭১ ধারায় মামলা রুজু রয়েছে।
পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্যের সঙ্গে প্রতারণা রুখতে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।



