রেল শ্রমিকদের প্রতি দায়বদ্ধতাই এমপ্লয়িজ ইউনিয়নের মূল শক্তি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুন : ‘কর্মীদের স্বার্থরক্ষার অঙ্গীকার’ এই প্রতিশ্রুতিকে পাথেয় করে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন শ্রমিকস্বার্থে লড়ে যাচ্ছে। এরই প্রতিফলন ঘটল বদরপুর শাখা সংগঠনে। ১৪ জুন বদরপুরে এনএফআরইইউ-এর সাধারণ সম্পাদক মুনীন্দ্র শইকিয়া এবং কেন্দ্রীয় সভাপতি পার্থ ভৌমিকের উপস্থিতিতে সভায় শক্তি, ঐক্য এবং এক বিরল চিত্র ফুটে উঠল।

এদিন বিকেলে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় কেন্দ্রীয় ও বিভাগীয় স্তরের একাধিক বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল রেলকর্মীদের বর্তমান অর্থনৈতিক, প্রশাসনিক ও সাংগঠনিক সমস্যাগুলি নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ। দিনের সূচনা হয় ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে এক বর্ণাঢ্য ও উদ্দীপনাময় বাইক র‍্যালির মাধ্যমে, যা সংগঠনের ঐক্য ও শক্তির প্রতীক হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করে।

পরবর্তীতে অনুষ্ঠিত সাধারণ সভার সূচনায় বক্তব্য রাখেন বদরপুর শাখার সম্পাদক সুরজিৎ ভৌমিক এবং শাখা সভাপতি সৌমেন গুহ। এরপর বক্তব্য রাখেন লামডিং ডিভিশনের সম্পাদক  সমীর লোধ এবং কেন্দ্রীয় সভাপতি  পার্থ ভৌমিক। তাঁরা শ্রমিক সংগঠনের ঐক্য, সংগঠিত আন্দোলন এবং কর্মীদের অধিকার রক্ষার গুরুত্বের উপর জোর দেন।

এই কর্মসূচির একটি উল্লেখযোগ্য দিক ছিল, সভা শেষে ১৫ জনেরও বেশি কর্মচারীর স্বতঃস্ফূর্তভাবে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নে যোগদান। যা সংগঠনের প্রতি কর্মীদের আস্থা ও সমর্থনেরই বহিঃপ্রকাশ। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাধারণ সম্পাদক মুনীন্দ্র শইকিয়ার গুরুত্বপূর্ণ ও দূরদর্শী বক্তব্য। তিনি রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মীদের বিভিন্ন  সমস্যাবলী তুলে ধরে এনএফআরইইউ-এর আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা ব্যাখ্যা করেন।

তিনি বিশেষভাবে পুরনো পেনশন স্কিম  পুনর্বহালের দাবিতে সংগঠনের চলমান আন্দোলনকে আরও জোরদার করার কথা বলেন। পাশাপাশি সমস্ত বিভাগের কর্মীদের সময়মতো পদোন্নতি ও ক্যারিয়ার আপগ্রেডেশনের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি আসন্ন অষ্টম বেতন কমিশন  নিয়ে সংগঠনের প্রস্তুতি ও কর্মীদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় দাবিদাওয়া তুলে ধরেন।

প্রচুর সংখ্যক শ্রমিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভার সমাপ্তি হয় ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। সেই সঙ্গে এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন, বদরপুর শাখা পুনরায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে যে, রেলকর্মীদের অধিকার, আর্থিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও সার্বিক কল্যাণের জন্য তাদের সংগ্রাম ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *