ধলাই ফ্রেঞ্চনগরে রাস্তা নির্মাণে অনিয়ম, ক্ষুব্দ এলাকাবাসী

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ মে : ধলাই সমজেলার চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮ নম্বর গ্রুপে সিসি ব্লকের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সরকারি কাজে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে সরব হন এলাকার একাংশ মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর হাওয়াইথাং ফ্রেঞ্চনগর পূর্ত সড়ক থেকে অজিত রায়ের বাড়ি পর্যন্ত একটি রাস্তা নির্মাণের অনুমোদন দেওয়া হয়। গ্রুপ সদস্যা বিধুমতি রায়ের তত্ত্বাবধানে কাজও শুরু হয়। তবে রাস্তার প্রস্থ নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার প্রকৃত পরিসর ১২ ফুট হলেও নতুন সিসি ব্লকের রাস্তা নির্মাণ করা হয়েছে মাত্র প্রায় ৬ ফুট চওড়া করে। ফলে ভবিষ্যতে ছোট যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

বাসিন্দাদের আরও দাবি, পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও কেন রাস্তার প্রস্থ কমিয়ে নির্মাণ করা হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পাশাপাশি প্রায় ৬০ মিটার দীর্ঘ এই রাস্তার কাজে যথাযথ রোলিং না করেই সিসি ব্লক বসানো হয়েছে বলেও অভিযোগ তোলেন স্থানীয়রা। এতে রাস্তার স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠছে। এলাকাবাসীর বক্তব্য, বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে অর্থ নয়ছয়ের অভিযোগও তুলেছেন তারা। এছাড়া রাস্তার বাকি অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সেখানে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ।

ক্ষুব্ধ স্থানীয়দের প্রশ্ন, রাস্তার সামনের অংশে সিসি ব্লক বসানোর ফলে যখন রাস্তার প্রস্থ প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, তখন এই নির্মাণকাজের প্রয়োজনীয়তা কী ছিল? তারা অবিলম্বে গোটা প্রকল্পের নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং রাস্তার প্রস্থ বাড়িয়ে পুনর্নির্মাণের আর্জি জানান প্রশাসনের কাছে।

অন্যদিকে, গ্রুপ সদস্যা বিধুমতি রায় ও তাঁর স্বামী শিবন রায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, সরকারি নিয়ম মেনেই রাস্তার কাজ করা হয়েছে। পাশাপাশি রাস্তার বাকি অংশের কাজও আগামী দিনে সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *