তামেংলংয়ে সিএসও-দের সঙ্গে বৈঠক আসাম রাইফেলসের

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ মে : মণিপুরের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তামেংলং জেলায় বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)-এর সঙ্গে বৈঠক করল আসাম রাইফেলস। আসাম রাইফেলসের ২১ সেক্টরের কমান্ডার এবং শ্রীকোণা ব্যাটালিয়নের কমান্ড্যান্ট যৌথভাবে তামেংলং জেলার এনকেপি ও কাইমাই গ্রামে স্থানীয় সিএসও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় জোরদার করা এবং এলাকায় শান্তি বজায় রাখা। এই বৈঠকে নাগা ও কুকি সম্প্রদায়ের গ্রামবাসীরা অংশগ্রহণ করেন।

মোট প্রায় ৭১ জন উপস্থিত ছিলেন, যার মধ্যে ১২ জন মহিলা ছিলেন। আলোচনাকালে শান্তি রক্ষায় অসম রাইফেলস ও অন্যান্য নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি উগ্রপন্থী গোষ্ঠীগুলিকে কোনো ধরনের সহায়তা না করা, গুজব ও ভয়ভীতি ছড়ানো থেকে বিরত থাকা এবং সব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এছাড়াও, জাতীয় সড়ক ৩৭ (এনএইচ-৩৭) দিয়ে নিরাপত্তা বাহিনী ও সাধারণ নাগরিকদের যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আবেদন জানানো হয়। দীর্ঘমেয়াদি শান্তি ও উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *