ঝাড়ফুঁক করার অভিযোগ এনে বৃদ্ধকে বাজারে গণপিটুনি, আটক ২

Spread the news

বরাক তরঙ্গ, ২৪ জুন : ত্রিপুরার ধলাই জেলার আমবাসার কুলাই বাজারে কুসংস্কারকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ সামনে এসেছে। ঝাড়ফুঁক করার সন্দেহে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে গণপিটুনির শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খলিল মিয়া নামে ওই প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে ঝাড়ফুঁক করার অভিযোগ তোলা হয়। এরপর একদল উত্তেজিত ব্যক্তি তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। শুধু মারধরই নয়, তাঁকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। জনসমক্ষে একজন বৃদ্ধের ওপর এ ধরনের নির্যাতনের ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আইন নিজের হাতে তুলে নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং এতে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে কুসংস্কার, সামাজিক সচেতনতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রবীণ এক নাগরিকের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের তদন্তে ঘটনার প্রকৃত সত্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে কুলাই বাজারসহ গোটা আমবাসা এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *