বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে রংপুর করাতিগ্রাম শিববাড়ির নবনির্মিত পূজামণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা। বৃহস্পতিবার পঞ্চমীর সন্ধ্যা সাড়ে সাতটায় ফিতা কেটে এই পূজামণ্ডপের উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রাজদীপ গোয়ালার সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর পুর নিগমের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক কুমার দাস, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবানিরানি দাস, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডলি দাস-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা শিববাড়ির নাটমন্দিরের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার মানুষের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় ছোট্ট মন্দিরটি আজ বৃহৎ ও দৃষ্টিনন্দন রূপ লাভ করেছে। বর্তমানে এটি এলাকাবাসীর মিলনক্ষেত্রে পরিণত হয়েছে।



