লেহতে ভারতীয় সেনার চপার ভেঙে পড়ল, প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক

Spread the news

২৩ মে : লেহতে ভারতীয় সেনার একটি চপার ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে ২০ মে। চপারের ভিতরে থাকা তিন সেনা আধিকারিকই অল্পের জন্য প্রাণে বেঁচে যান। দুর্ঘটনার পর তাঁদের তোলা একটি সেলফি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ছিল টিএম৩৩৩বি ইঞ্জিনযুক্ত চিতা মডেলের নতুন সংস্করণ। বুধবার বিকেলে লেহ অঞ্চলে সেটি আচমকাই ভেঙে পড়ে। চপারে ছিলেন দুই সেনা পাইলট এবং ডিভিশন কমান্ডার মেজর জেনারেল শচীন মেহতা।

সেনা সূত্রে খবর, দুর্ঘটনায় তিনজনই আহত হয়েছেন, তবে তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।

দুর্ঘটনার পর মেজর জেনারেল শচীন মেহতা একটি সেলফি তোলেন। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, পাহাড়ের উপরে তিনজন শুয়ে রয়েছেন এবং তাঁদের সামনেই পড়ে রয়েছে ভেঙে পড়া চপারটি। ঘটনাটি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *