বরাক তরঙ্গ, ২২ আগস্ট : কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত সপ্তগ্রাম এলাকায় অভিযান চালিয়ে স্কুটি থেকে মাদক উদ্ধার করে পুলিশ। আটক করা স্কুটিটির নম্বর AS-11-AG-2209। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশ স্কুটিটি আটক করে তল্লাশি চালিয়ে ডিকির ভিতর থেকে চারটি প্যাকেটে রাখা মোট ৪০ হাজার সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির মোট ওজন ৪ কেজি ৩৬৩ গ্রাম।
ঘটনায় স্কুটির চালক ও আরোহী—দু’জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হল সপ্তগ্রামের বাসিন্দা দুই ভাই জিয়াবুর রহমান বড়ভূইয়া এবং তৈয়বুর রহমান বড়ভূইয়া। তাঁদের বাড়ি ধলাই থানার অন্তর্গত সপ্তগ্রাম এলাকায়।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী তা জব্দ করা হয়।

এরপর আটক তৈয়বুর রহমান বড়ভূইয়ার গোডাউনে তল্লাশি চালানো হয়। সেখানে চারটি বস্তার মধ্যে রাখা বিপুল পরিমাণ সন্দেহজনক বার্মিজ সুপারি উদ্ধার করে পুলিশ। তল্লাশিতে মোট ১৫৫ কেজি সন্দেহজনক বার্মিজ সুপারি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া মেনে উদ্ধার হওয়া সুপারিগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে ধলাই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



