বরাক তরঙ্গ, ৩১ জুলাই : সর্বহারার নেতা ও এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিবদাস ঘোষের ৫০তম স্মরণ দিবস উপলক্ষে শুক্রবার করিমগঞ্জ শহরের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এক জনসভার আয়োজন করে এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। দুপুর ১২টায় দলের সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ নাগরিকদের উপস্থিতিতে সভার সূচনা হয়।
অনুষ্ঠানের শুরুতে শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সভার সভাপতি, এসইউসিআই (সি)-র করিমগঞ্জ জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য অরুণাংশু ভট্টাচার্য। পরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন দলের কাছাড় জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য ভবতোষ চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য প্রজ্জ্বল দেব, প্রবীণ নেতা তুষার দাসসহ বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা। এরপর দলের সাংস্কৃতিক গোষ্ঠী শিবদাস ঘোষকে উৎসর্গ করে সঙ্গীত পরিবেশন করে।

সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন জেলা কমিটির সদস্য বিষ্ণু দত্ত পুরকায়স্থ। প্রধান বক্তা ভবতোষ চক্রবর্তী তাঁর বক্তব্য শিবদাস ঘোষের আদর্শ, সংগ্রামী জীবন ও মার্ক্সবাদী চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলাই সময়ের দাবি। পাশাপাশি জনগণের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।
সভাপতির ভাষণে অরুণাংশু ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে দেশজুড়ে যে ছাত্র-যুব ও গণআন্দোলন গড়ে উঠছে, তাকে সঠিক দিশায় পরিচালিত করতে শক্তিশালী ও আপসহীন কমিউনিস্ট সংগঠন গড়ে তোলা প্রয়োজন। তিনি শিবদাস ঘোষের রাজনৈতিক দর্শন ও এসইউসিআই (সি) গঠনের পটভূমি তুলে ধরে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এছাড়া আগামী ৫ আগস্ট গুয়াহাটির জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত রাজ্যস্তরের স্মরণসভায় অংশগ্রহণের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



