‘পিএম সরাও, প্ল্যান্ট বাঁচাও’ স্লোগানে উত্তাল বড়খলার জারইলতলা বটলিং প্ল্যান্ট, ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : প্ল্যান্ট ম্যানেজার ও সিকিউরিটি সুপারভাইজারকে অপসারণ এবং বটলিং প্ল্যান্টের অস্তিত্ব রক্ষার দাবিতে তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কাছাড় জেলার বড়খলার জারইলতলা বটলিং প্ল্যান্ট। বৃহস্পতিবার প্ল্যান্টের লোডিং ওয়ার্কার, চালক ও স্থানীয় বাসিন্দারা প্ল্যান্টের প্রধান ফটকের সামনে বিক্ষোভে শামিল হন। তাঁদের স্লোগান ছিল, ‘পিএম সরাও, প্ল্যান্ট বাঁচাও’।

বিক্ষোভকারীদের অভিযোগ, জারইলতলা বটলিং প্ল্যান্টে দীর্ঘদিন ধরে একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে। অথচ এই সমস্ত ঘটনার পরও প্ল্যান্ট ম্যানেজার পি চাকমা এবং সিকিউরিটি সুপারভাইজার উত্তম সিনহা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তাঁদের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, বড়খলা থেকে বটলিং প্ল্যান্টটি অন্যত্র সরিয়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। তাঁদের দাবি, এই চক্রান্তের নেপথ্যে রয়েছেন স্বয়ং প্ল্যান্ট ম্যানেজার পি চাকমা। পরিকল্পিতভাবে প্ল্যান্টটিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা।

এ দিন সকালে প্ল্যান্ট ম্যানেজার পি চাকমা মূল ফটকের সামনে পৌঁছালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা তাঁর গাড়ি আটকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে তাঁকে ঘেরাও করে রেখে তীব্র প্রতিবাদ জানান।

এই সময় এক চালক উত্তেজিত হয়ে প্ল্যান্ট ম্যানেজারের গাড়ি লক্ষ্য করে একটি ঢিল ছোড়েন বলে অভিযোগ। তবে উপস্থিত অন্য বিক্ষোভকারীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত চালককে আটক করে প্ল্যান্টের নিজস্ব নিরাপত্তাকর্মী ও শ্রমিক ইউনিয়নের হাতে তুলে দেওয়া হয়।

আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁরা কোনও ধরনের হিংসাত্মক কার্যকলাপের পক্ষে নন। তাঁদের আন্দোলন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

এদিনের প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ সিংহ, আব্দুল জব্বার লস্কর, তাহের আহমেদ লস্কর, নজরুল হক বড়ভূইয়া, অলক নাথ, ফুলেন্দ্র নাথ, মনোজ নাথ, রঞ্জিত নাথ-সহ অন্যান্যরা।
উপস্থিত নেতৃত্বরা অবিলম্বে প্ল্যান্ট ম্যানেজার পি চাকমা এবং সিকিউরিটি সুপারভাইজার উত্তম সিনহাকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের দাবি, প্ল্যান্টের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চুরির ঘটনাগুলির যথাযথ তদন্ত করতে হবে এবং প্ল্যান্টটি অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা দূর করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে, বিক্ষোভকারীদের অভিযোগ সম্পর্কে প্ল্যান্ট ম্যানেজার পি চাকমার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *