বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বিশাল ব্যবধানে জয়ী হয়ে সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টের শেষচারে জায়গা করে নিল আরহান্স এফসি সোনাবাড়িঘাট। শুক্রবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা ৩-২ গোলে পরাজিত করে কর্কট ইয়ং স্টারকে। ম্যাচের শুরু থেকে দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ম্যাচের ২৩ মিনিটে আরহান্স এফসির হয়ে গোল করেন মুন। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে পেনেল গোল করে কর্কটকে সমতায় ফেরান। প্রথমার্ধ্ব ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধ্বের লড়াইয়ে শুরুতে গোল্ডেনসন গোলে ফের লিড নেয় আরহান্স ৩৮ মিনিটে। তবে দুই মিনিটের মধ্যে কর্কটের থাংমুইয়া গোল করেন এবং ফের সমতায় চলে আসে কর্কট। ৬১ মিনিটে জয়সূচক গোলটি করেন আরহান্স এফসির পুনিয়া। অবশেষে ৩-২ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে আরহান্স এফসি সোনাবাড়িঘাট।
এ দিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুন। তার হাতে পুরস্কার তুলে দেন সোনাবাড়িঘাট জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আমির হোসেন লস্কর ও রাজিম উদ্দিন। ম্যাচ পরিচালনা করেন শামিম বড়ভূইয়া, জাফর বড়ভূইয়া, প্রবীণ বর্মণ ও আনসার মিয়া। আগামী ২১ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। খেলবে টিকেডি সেভেন ব্রাদার্স লালপানি ও মারিয়া এফসি নর্থ হাওয়াইথাং।



