শ্রমিক-বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ সিটুর

Spread the news

বরাক তরঙ্গ, ১২ মে : ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা ঘোষণা এবং শ্রমিক-বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে সিটুর ডাকে মঙ্গলবার সমগ্র অসম জুড়ে শ্রমিক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন শ্রম দপ্তরের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক শ্রমিক। শিলচরের ইটখোলায় শ্রম দপ্তরের সামনে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাঁরা নিজেদের দাবিসম্বলিত একটি স্মারকলিপি সহকারী শ্রম আধিকারিকের হাতে তুলে দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত এক দশক ধরে অসমের বিজেপি সরকার রাজ্যের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করেনি। পাশাপাশি, ব্যাপক বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার গত ৮ মে শ্রম কোড সংক্রান্ত নোটিফিকেশন জারি করেছে। শ্রমিক সংগঠনগুলির দাবি, নতুন শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতে পারে এবং শ্রমিকদের আইনি অধিকার কর্পোরেট সংস্থাগুলির হাতে তুলে দেওয়া হবে।

এই পরিস্থিতিতে শ্রমিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি সিটুর। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার দিনেই শ্রমিক শ্রেণি ভবিষ্যতের সমস্ত আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের শপথ নিয়েছে। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুরজিৎ ঘোষ, সুপ্রিয় ভট্টাচার্য-সহ অন্যান্য শ্রমিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *