বরাক তরঙ্গ, ১২ মে : দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য তাঁকে শপথবাক্য পাঠ করান। অসমিয়াতেই শপথবাক্য পাঠ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখযোগ্যভাবে, একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া প্রথম অ-কংগ্রেসি নেতা হলেন হিমন্ত বিশ্ব শর্মা।
খানাপাড়ায় অনুষ্ঠিত হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকরি, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। এছাড়াও বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।



