বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : শিলচরে বহুল প্রতীক্ষিত ক্যাপিটাল পয়েন্ট-রাঙ্গিরখাড়ি ফ্লাইওভার প্রকল্পের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রকল্পের পাইল টেস্ট ও মাটি পরীক্ষার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে অত্যাধুনিক মাটি পরীক্ষার বিশেষ যন্ত্র রাঙ্গিরখাড়ি এলাকায় পৌঁছেছে।
প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়ায় শহরজুড়ে আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিনের যানজট নিরসনে এই ফ্লাইওভার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন শিলচরবাসী। তাদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে।
এ প্রসঙ্গে কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন, শিলচরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর দ্রুত ফ্লাইওভারের মূল নির্মাণকাজ শুরু হবে।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারাও প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হওয়াকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এই ফ্লাইওভার নির্মিত হলে শহরের অন্যতম ব্যস্ত সড়কের যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং প্রতিদিনের যাতায়াত অনেক সহজ হবে। তাই দ্রুত নির্মাণকাজ শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।
উল্লেখ্য, প্রস্তাবিত এই ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন হলে শিলচরের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং নগর উন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।



