বরাক তরঙ্গ, ৩ মে : দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার চুরির একাধিক অভিযোগের প্রেক্ষিতে ধর্মনগর থানার পুলিশের বড়সড় অভিযান চালিয়ে মোট ৬০টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে গতকাল শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। প্রথমে ধর্মনগর পূর্ব বাজারে ত্রিপুরেশ্বরী গ্যাসের সামনে আজম খানের দোকানে অভিযান চালিয়ে ১৮টি সিলিন্ডার উদ্ধার করা হয়। এরপর রাধাপুর মধুবারি লিঙ্ক রোড এলাকায় অর্জুন পালের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২৭টি সিলিন্ডার উদ্ধার করে পুলিশ। পাশাপাশি রাগনা এলাকায় সালমা বেগমের বাড়ি থেকে ১৫টি সিলিন্ডার উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৬০টি সিলিন্ডার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা জানান, উদ্ধার হওয়া ৬০টি সিলিন্ডারের মধ্যে ২৬টিতে গ্যাস ভর্তি ছিল এবং বাকি ৩৪টি খালি। অবৈধভাবে মজুদ রাখা এই সিলিন্ডারগুলির প্রকৃত মালিকানা এবং এগুলির মধ্যে চুরি হওয়া সিলিন্ডার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সিলিন্ডারগুলি ধর্মনগর মহকুমা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যাচাই-বাছাই করে প্রকৃত মালিকদের হাতে সেগুলি ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন ওসি মীনা দেববর্মা। তাঁর সঙ্গে ছিলেন পুলিশ অফিসার রাজীব অধিকারী সহ ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর জওয়ানরা। পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে। তবে এই চুরি চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।



