বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ গঠনের এক পবিত্র ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষার মাধ্যমে মানুষকে প্রকৃত অর্থে শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করেন শিক্ষকরা। শনিবার শিলকুড়িস্থিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি কলেজ অব এডুকেশনের নবীনবরণ ও গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
বিএড পাঠ্যক্রমের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার গুরুদায়িত্ব গ্রহণ করেছেন হবু শিক্ষকরা। তাই শুধু ডিগ্রি অর্জন নয়, আজীবন জ্ঞান আহরণ ও তা সমাজের মধ্যে বিলিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে তাঁদের এগিয়ে যেতে হবে।
এদিন অনুষ্ঠানে জাতীয় সেমিনারের স্মারকগ্রন্থ ‘শ্যামাপ্রসাদ মুখার্জি: দ্য ম্যান অ্যান্ড হিজ মিশন’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। গ্রন্থটির প্রশংসা করে সাংসদ বলেন, নিয়মিত অধ্যয়ন ও জ্ঞানচর্চার কোনও নির্দিষ্ট বয়সসীমা নেই।

কলেজের অধ্যক্ষ মনোজ শিকদার জানান, নবীন শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্মভিত্তিক গ্রন্থটি প্রকাশ করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। ম্যানেজিং ডিরেক্টর বাদল দাস বলেন, বই জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণার মূল্যবান দলিল। শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। সম্মানিত অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অনুপকুমার দে শিক্ষকতার প্রাচীন গুরু-শিষ্য পরম্পরার কথা তুলে ধরে বলেন, শিক্ষকতা কোনও বাণিজ্যিক বিষয় নয়।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের কলেজ উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত ডিরেক্টর ড. জয়ন্ত ভট্টাচার্য শিক্ষককে সমাজের প্রতিটি পেশার ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় সফল করা নয়, জীবনের পথে সঠিক দিশা দেখানোও শিক্ষকের দায়িত্ব।
শিক্ষকতার মর্যাদা, দায়িত্ব ও আদর্শের বার্তা নিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



