বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : মিজোরাম পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) চেয়ারম্যান পদ থেকে লালরামনগাকার পদত্যাগের দাবিতে অনশন শুরু করেছেন মিজো স্টুডেন্টস ইউনিয়নের (এমএসইউ) সভাপতি লালদিনসাঙ্গা। গত ২৩ নভেম্বর সন্ধ্যা থেকে এমপিএসসি কার্যালয় চত্বরে তিনি অনশন শুরু করেন।

এমএসইউর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরাও সভাপতির সঙ্গে অনশনে যোগ দিতে চাইলেও আপাতত তাঁদের সেই অনুমতি দেননি লালদিনসাঙ্গা। তবে সভাপতির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তাঁরা পাশে বসেছেন।

এমএসইউ সভাপতি বলেন, বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত গুরুতর। ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের সঙ্গে জড়িত এমপিএসসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটি গোটা রাজ্যের জন্য লজ্জার বিষয়। যুবসমাজ ও ছাত্রছাত্রীদের স্বার্থে এমপিএসসির প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধার করতে প্রতিষ্ঠানটির নতুন করে সংস্কার প্রয়োজন। এই লক্ষ্যে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন। পাশাপাশি আন্দোলনে সামিল হতে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে রাজ্যবাসীর প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।



