বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মহানগরীর বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি নামলেই জমাজলের কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে মহানগরবাসীকে। বুধবার সকালে স্কুলগামী পড়ুয়া থেকে শুরু করে কর্মস্থলমুখী মানুষ—জলের কারণে বিভিন্ন রাস্তায় আটকে পড়েন অনেকেই। রাতের বৃষ্টির জেরে হাতিগাঁও, অনিলনগর, জু-রোড, ডাউন টাউন ও ওয়্যারলেস এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমেছে। জমাজলের কারণে ব্যাহত হয়েছে যান চলাচল। একইসঙ্গে স্কুলে যাতায়াতেও চরম সমস্যার মুখে পড়েছে শিক্ষার্থীরা। বরবাড়ি-ছয়মাইল সংযোগকারী সড়কেও তৈরি হয়েছে কৃত্রিম বন্যার পরিস্থিতি। জলমগ্ন হয়ে পড়েছে অম্বিকাগিরীনগর, জু-রোডের দেবদারু পথ ও মিলন পথ। ধ্রুবজ্যোতি পথেও হাঁটুসমান জল জমে থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে, গীতানগর ও হেঙেরাবাড়ি সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে নেমে আসা জল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পাহাড়ি জলের স্রোতে অম্বিকাগিরী নগর এলাকায় জলাবদ্ধতা বেড়ে যাওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে। কার্যত ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন।
জলাবদ্ধতার কারণে সাতগাঁওয়ের SFS এবং হাতিগাঁওয়ের লিটল ফ্লাওয়ার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই কারণে সুপার মার্কেটের আনন্দ অ্যাকাডেমিও বন্ধ রাখা হয়েছে। লাগাতার বৃষ্টিতে জল দ্রুত নিষ্কাশন না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।



