বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : মাদকবিরোধী অভিযান ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে খাওজল জেলা পুলিশ বিপুল পরিমাণ বাজেয়াপ্ত মাদকদ্রব্য ধ্বংস করেছে। মঙ্গলবার কেভিকে ইনসিনারেটরে ১.২৮৩ কেজি হেরোইন ও ১.৯৭২ কেজি মেথঅ্যামফেটামিন ধ্বংস করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, ধ্বংস করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৬ লক্ষ টাকা এবং মেথঅ্যামফেটামিনের মূল্য ১ কোটি ৫৭ লক্ষ ৭৬ হাজার টাকা। মাদকবিরোধী লড়াইয়ে এনজিও, আবগারি দফতর ও পুলিশের মধ্যে সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যেই এই নিষ্পত্তি কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এক্সাইজ অ্যান্ড নারকোটিকস স্টেশনের আধিকারিকদের পাশাপাশি সাব-হেডকোয়ার্টার্স ওয়াইএমএ, এমএইচআইপি এবং খাওজলের বিভিন্ন ওয়াইএমএ শাখার নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়।
মাদকবিরোধী অভিযানে সহযোগিতার স্বীকৃতি হিসেবে বিভিন্ন এনডিপিএস মামলায় বাজেয়াপ্তির সাক্ষী হিসেবে দায়িত্ব পালন করা ২১ জন সাধারণ নাগরিককে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি মাদকবিরোধী লড়াইয়ে পুলিশের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করা ওয়াইএমএ, এমএইচআইপি এবং আবগারি দফতরের নেতৃবৃন্দকেও সম্মানিত করা হয়।



