মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

Spread the news

১৬ সেপ্টেম্বর : মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। পবিত্র স্থান ও মসজিদে হামলা এবং বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির যেকোনো কর্মকাণ্ড ইসলামের মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে ওআইসির মহাসচিবালয় জানায়, হুথি গোষ্ঠীর হামলার মাধ্যমে বেসামরিক মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো, পবিত্র স্থান ও মসজিদের মর্যাদা ক্ষুণ্ন করা এবং বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে পবিত্র স্থান, মসজিদ ও বেসামরিক স্থাপনায় হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট নীতিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে ওআইসি।
সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে ওআইসি। পবিত্র স্থান, বেসামরিক নাগরিক এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের প্রতিও সমর্থন জানিয়েছে সংস্থাটি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করে, মঙ্গলবার মক্কার দক্ষিণাঞ্চলে একটি হুথি ড্রোন ভূপাতিত করা হয়েছে। জোটের বক্তব্য, পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে হুথিরা। সৌদি আরবের এই দাবি ‘মিথ্যা’ বলেও মন্তব্য করেছে গোষ্ঠীটি।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ফের বেড়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও স্থাপনা লক্ষ্য করে হুথিদের হামলার অভিযোগ উঠেছে।
তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *