প্রেমের সম্পর্কে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ, যুুুবকের মৃত্যুতে শোকের ছায়া কুমারঘাটে

Spread the news

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের অভিযোগ ঘিরে এক যুবকের অকালমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটের পূর্বকাঞ্চনবাড়ি এলাকায়। বেঙ্গালুরুতে কর্মরত যুবক সুমিত দে-র মৃত্যুকে কেন্দ্র করে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় মহলে। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্কের অবনতি এবং এক যুবতীর ব্ল্যাকমেইলিংয়ের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সুমিত।

পরিবার সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরেছিলেন সুমিত। এরপর ওই যুবতীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। পরিবারের দাবি, ক্রমাগত মানসিক চাপ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। অভিযুক্ত যুবতীর বাড়ি কুমারঘাটের আশ্রম পল্লি এলাকায় বলে জানা গেছে।

গত ২৯ অক্টোবর বিষপানের পর সুমিতকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে বৃদ্ধ পিতা সত্য দে-সহ পরিবারের পাঁচ সদস্য এখন চরম অনিশ্চয়তার মুখে।

এদিকে, সুমিতের মৃত্যুর পরও অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপের খবর সামনে না আসায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসীর একাংশ। তাঁদের অভিযোগ, ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *