ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে তৃতীয়বার প্রস্তাব পাস

Spread the news

১৬ সেপ্টেম্বর : কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। সাম্প্রতিক মাসগুলোতে একই ধরনের উদ্যোগ নিয়ে এটি তৃতীয়বারের মতো ভোটাভুটি। আল-জাজিরা, সিবিএস নিউজ সূত্রে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় প্রতিনিধি পরিষদে প্রস্তাবটি ২২০-২০৪ ভোটে পাস হয়। ডেমোক্র্যাটদের পাশাপাশি সাতজন রিপাবলিকান সদস্যও এর পক্ষে ভোট দেন। প্রস্তাবটির লক্ষ্য হলো, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিত করা।

তবে প্রতিনিধি পরিষদে পাস হওয়াই প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার জন্য যথেষ্ট নয়। এটি কার্যকর করতে সিনেটের অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন। সিনেটে অনুমোদন পেলেও ট্রাম্প এতে ভেটো দিতে পারেন বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

এদিকে, প্রস্তাবটি পাসের দিনই কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) ইরানের সঙ্গে সামরিক সংঘাতের ব্যয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়েছে, ১ আগস্ট পর্যন্ত সংঘাতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ব্যয় হয়েছে প্রায় ৩৮ বিলিয়ন ডলার। সংঘাতের তীব্রতা অনুযায়ী পরবর্তী সময়ে প্রতি মাসে আরও ২ থেকে ৩ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

সিবিওর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংঘাতে বিপুল অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের কারণে মার্কিন মজুত কমেছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর পুনরায় মজুত করতে অন্তত পাঁচ বছর সময় লাগতে পারে।

১৯৭৩ সালে ভিয়েতনাম যুদ্ধের পর প্রণীত ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট’-এর আওতায় প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিত করার সুযোগ রয়েছে। বর্তমান প্রস্তাবটিও সেই আইনের ভিত্তিতে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *