দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুন : বিশিষ্ট গল্পকার ও প্রাবন্ধিক দীপঙ্কর ঘোষের নতুন উপন্যাস ‘পুষ্কর-এক প্রেম কথা’-র আনুষ্ঠানিক উন্মোচন সোমবার সন্ধ্যায় শিলচরের একটি অনুষ্ঠান ভবনে আয়োজিত সাহিত্যসভায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। তিনি উপন্যাসটির মোড়ক উন্মোচন করে সাহিত্যিক দীপঙ্কর ঘোষকে শুভেচ্ছা জানান। এদিন উপন্যাসটির বিষয়বস্তু, সাহিত্যগুণ এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে উপস্থিত বিশিষ্টজনেরা বিস্তারিত আলোচনা করেন।
সভায় সাহিত্য ও শিক্ষাজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তৈমুর রাজা চৌধুরী, অধ্যাপিকা সুমিতা ঘোষ, অধ্যাপক বরুণজ্যোতি চৌধুরী, অধ্যাপিকা তনুশ্রীসহ আরও অনেকে। অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উপস্থিত অতিথি ও গুণীজনদের উত্তরীয় এবং গ্রন্থ প্রকাশ স্মারক প্রদান করে সম্মাননা জানানো হয়।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে লেখক দীপঙ্কর ঘোষ তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, উপন্যাসটির প্রকাশ তাঁর কাছে অত্যন্ত আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, ‘পুষ্কর-এক প্রেম কথা’ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে এবং সাহিত্যপ্রেমীদের ভালোবাসা অর্জন করবে।
সাহিত্যপ্রেমী, পাঠক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি এক প্রাণবন্ত সাহিত্যিক পরিবেশের সৃষ্টি করে। উপন্যাস প্রকাশকে ঘিরে উপস্থিতদের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।



