বরাক তরঙ্গ, ১৬ জুন : গোসাঁইগাঁওয়ের উপেন্দ্রপুর গ্রামে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের নাম থিয়ফিল মুর্মু।
জানা গেছে, কিনকিনিয়া বৃষ্টির মধ্যেই সমবয়সী বন্ধুদের সঙ্গে গ্রামের মাঠে ফুটবল খেলছিল থিয়ফিল। খেলার এক পর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতরভাবে আহত হয়। ঘটনাস্থলে উপস্থিতরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই আকস্মিক দুর্ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এক মেধাবী ছাত্রের অকাল প্রয়াণে পরিবার-পরিজন, সহপাঠী ও গ্রামবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা বর্ষাকালে খোলা মাঠে খেলাধুলা ও অন্যান্য কার্যকলাপের সময় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।



