ধসে যাচ্ছে সেতুর অ্যাপ্রোচ, বন্ধ হওয়ার আশঙ্কায় ৬ নম্বর জাতীয় সড়ক

Spread the news

বরাক তরঙ্গ, ২৩ জুন : বরাক উপত্যকার লাইফলাইন হিসেবে পরিচিত ৬ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাটিগড়া বিধানসভা এলাকার মালিডহর অঞ্চলে একটি সেতুর অ্যাপ্রোচের নিচ থেকে মাটি ধসে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালিডহরস্থিত মা কালী হোটেলের পাশের সেতুটির অ্যাপ্রোচ অংশের নিচে গতকাল রাত থেকেই মাটি ধসে পড়তে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ভাঙনের মাত্রা বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। ইতিমধ্যেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি দীর্ঘদিন ধরে থাকলেও যথাসময়ে মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমানে সেতুর অ্যাপ্রোচের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে যে কোনও সময় সেতুর অ্যাপ্রোচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর জেরে ৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে।

উল্লেখ্য, এই জাতীয় সড়কটি বরাক উপত্যকা ও উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন এই সড়ক ব্যবহার করে। ফলে সড়কটি অচল হয়ে পড়লে শুধু বরাক উপত্যকাই নয়, গোটা উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও পণ্য পরিবহণ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে পারে।

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও জরুরি মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে এলাকাবাসী ও পথচারীদের নজর রয়েছে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *