বরাক তরঙ্গ, ২৩ জুন : গুয়াহাটির কুমার ভাস্কর বর্মা সেতুর ওপর আড়ম্বরপূর্ণভাবে স্ত্রীর জন্মদিন উদযাপন করে বিপাকে পড়লেন ব্যবসায়ী গৌতম বরুয়া। ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের জেরে তাঁকে গ্রেপ্তার করেছে ভরলুমুখ পুলিশ। একইসঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত আরও ১২ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, সেতুর ওপর লাল কার্পেট বিছিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে এবং কেক কেটে স্ত্রীর জন্মদিন উদযাপন করেছিলেন গৌতম বরুয়া। অনুষ্ঠান চলাকালীন সেতুর ওপরই যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় বলে অভিযোগ। সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা এবং প্রশ্ন ওঠে জনসাধারণের ব্যবহারের রাস্তা ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য ব্যবহার করা নিয়ে।
অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। রাজপথে বাধা সৃষ্টি করে ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের অভিযোগে গৌতম বরুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকা আরও ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
আটক ব্যক্তিরা হলেন জিনময় চৌধুরী (৪৩), মানসপ্রতিম বরুয়া (৩৯), বিকাশ কলিতা (৩১), জুগব্রত দাস (৪৩), বলেনরাম বসুমতারি (৩০), হিমাংশু শর্মা (৪৫), জ্যোতিষ্মান শইকিয়া (২৮), সঞ্জন বড়ো (২৮), গোপাল দাস (৫৩), ডা. নমিতা দাস (৪৬), ডাঃ হিমা ভূঁইয়া (৪০) এবং কিশোর ভূঁইয়া (৫৩)।

এছাড়াও, ঘটনার সঙ্গে যুক্ত বলে চিহ্নিত চারটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার, একটি মাহিন্দ্রা স্করপিও, একটি হোন্ডা সিটি এবং একটি মার্সিডিজ।
উল্লেখ্য, গভীর রাতে সেতুর ওপর কেক কেটে এবং বিশেষ সাজসজ্জার মাধ্যমে স্ত্রীর জন্মদিন পালন করেছিলেন গৌতম বরুয়া। বন্ধুদের সঙ্গে সেই উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই বিষয়টি পুলিশের নজরে আসে। এরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।



