বরাক তরঙ্গ, ২৬ জুন : ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও সম্প্রীতির আবহে হাইলাকান্দি জেলাজুড়ে পালিত হলো পবিত্র মহরম। “হায় হাসান, হায় হোসেন” ধ্বনিতে মুখরিত হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ, খেলোয়াড় ও মহরমপ্রেমী তাজিয়া, লাঠি ও ঐতিহ্যবাহী শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করেন। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই দিনভর অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়।
সকালে হাইলাকান্দি খেলার মাঠে মহরমের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। জেলার বিভিন্ন আঞ্চলিক ও শাখা কমিটির উদ্যোগে বিশাল সংখ্যক অংশগ্রহণকারী তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এর আগে বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করা হয়। বিকেলে হাইলাকান্দি খেলার মাঠে সকল মহরম কমিটির সদস্য ও অংশগ্রহণকারীরা একত্রিত হয়ে কারবালার শহিদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়ায় অংশ নেন।
মহরম উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে জেলা পুলিশের পাশাপাশি সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো মিছিলের ওপর নজরদারি চালানো হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এদিকে, মিছিল চলাকালীন গোপন তল্লাশি চালিয়ে পুলিশ লাইসেন্সবিহীন ধারালো তরোয়ালসহ বেশ কয়েকটি অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র আইনের বিধি লঙ্ঘনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
মহরম জেলা কমিটির সভাপতি আলহাজ সিরাজ উদ্দিন বড়ভূইয়া জানান, অবৈধ অস্ত্র নিয়ে যাঁরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন, তাঁদের সঙ্গে মহরম কমিটির কোনও সম্পর্ক নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশ যে কোনও আইনি ব্যবস্থা নিলে মহরম কমিটির কোনও আপত্তি থাকবে না। বরং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন তিনি।
অন্যদিকে, জেলা প্রশাসনের তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহরমের তাজিয়া মিছিল সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান নারায়ণপুরের জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আফজল হোসেন চৌধুরী, আলহাজ নজরুল ইসলাম সেলিম মীরা, হিলাল উদ্দিন লস্কর, আপ্তাব উদ্দিন লস্করসহ বিশিষ্ট ব্যক্তিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহরমের পবিত্রতা, ত্যাগ ও সম্প্রীতির আদর্শকে সম্মান জানিয়ে হাইলাকান্দিবাসী আবারও শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে বলে জানানো হয়েছে।



