২৬ জুন : চিনের রাজধানী বেইজিংয়ের ১০৯ তলা বিশিষ্ট আকাশচুম্বী সিআইটিআইসি টাওয়ারে (CITIC Tower) একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ভবনটিতে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে ব্যাপক সংখ্যক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষের জেরে বিমানের ধ্বংসাবশেষ ভবনের গা বেয়ে নিচে পড়ছে। আঘাতে ভবনের দুটি জানালা ভেঙে যায় এবং বিমানটি সম্পূর্ণভাবে টুকরো টুকরো হয়ে যায়।
দুর্ঘটনার পর ভবনের নিচতলায় ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সেখানে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।
এ ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রকাশিত ছবিতে ভবনের এক পাশে বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে বলে দেখা গেছে। প্রায় ১,৭০০ ফুট উচ্চতার এই ভবনটি বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত। চাওইয়াং জেলার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনটি ‘চায়না জুন’ (China Zun) নামেও পরিচিত।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় জড়িত বিমানটি বি-১২পিপি (B-12PP) মডেলের ছিল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



