বরাক তরঙ্গ, ২৬ জুন : কাছাড় জেলার নরসিংহপুরে ছাগল চুরির অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ, ধলাইয়ের পুটিখাল এলাকার এক ব্যক্তির একটি কালো ছাগল ই-রিকশায় তুলে নিয়ে পালানোর চেষ্টা করছিল দুই ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে শিলচর-আইজল জাতীয় সড়কের নরসিংপুর ওভারব্রিজের কাছে অভিযুক্তদের ই-রিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। এরপর ক্ষুব্ধ জনতা দুইজনকে আটক করে দুর্ঘটনাগ্রস্ত ই-রিকশার সঙ্গে বেঁধে মারধর করে।
ঘটনার খবর পেয়ে সোনাই ও ধলাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ধলাই থানার পুলিশ জনতার হাত থেকে দুই অভিযুক্তকে উদ্ধার করে আটক অবস্থায় থানায় নিয়ে যায়।
পুলিশ ঘটনায় ব্যবহৃত ই-রিকশাটিও বাজেয়াপ্ত করেছে। ছাগল চুরির অভিযোগসহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ধলাই থানার পুলিশ।



