নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : সোনাই থানার অন্তর্গত কাপ্তানপুর ১৩ খণ্ডে ঝুমা বেগম লস্কর নামে এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর স্বামী মনোয়ার হোসেন লস্করের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলে থানায় মামলা দায়ের করেছেন ঝুমা বেগমের ভাই নিমার উদ্দিন লস্কর। অভিযোগের ভিত্তিতে পুলিশ মনার হোসেনকে আটক করেছে বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ ঝুমার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে বাপের বাড়িতে খবর দেওয়া হয়। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েছেন বলে জানানো হয়। এরপর পরিবারের সদস্যরা তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঝুমার ভাই নিমার উদ্দিনের অভিযোগ, প্রায় সাত বছর আগে মনার হোসেনের সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ঝুমার উপর বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। বিষয়টি নিয়ে একাধিকবার বিচারসভায় মীমাংসার চেষ্টা হলেও পরবর্তীতে ফের নির্যাতন চলত বলে দাবি পরিবারের।
ঘটনার পর ঝুমার ভাই সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃহস্পতিবার রাতে পুলিশ মনোয়ার হোসেনকে আটক করেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও স্পষ্ট হবে বলে জানা গেছে।
এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি-প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, স্থানীয় গ্রুপ সদস্য রমিজ উদ্দিন লস্করসহ এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের পর জানাজার নামাজ সম্পন্ন করে ঝুমা বেগমকে তাঁর পৈতৃক কবরস্থানে দাফন করা হয়।



