মরিগাঁও জেলা আমসুর উদ্যোগে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা

Spread the news

বিশেষ প্রতিবেদক, মরিগাঁও।
বরাক তরঙ্গ, ১০ মে : সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা (আমসু) মরিগাঁও জেলা কমিটির উদ্যোগে ও লাহরিঘাট আঞ্চলিক কমিটির সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সুখ্যাতিরে পাস করা শিক্ষার্থীদের এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার লাহরিঘাট উন্নয়ণ খণ্ডের সভাকক্ষে অনুষ্ঠিত গাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে জেলার প্রায় দু’শতাধিক মেধাবী ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরিগাঁও জেলা আমসুর সভাপতি ও অধিবক্তা হারুন অল রশিদ।

অনুষ্ঠানের মূল পর্ব ছিল অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী। মাধ্যমিক উচ্চমাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় যাঁরা স্টার মার্ক কিংবা ডিসটিংশন নম্বর অর্জন করেছেন, তাঁদের প্রত্যেককে ফুলাম গামোচা, মানপত্র ও একটি করে চারাগাছ দিয়ে সংবর্ধনা জানানো হয়। চারাগাছ উপহার দেওয়ার মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তাও পৌঁছে দেওয়া হয় শিক্ষার্থীদের কাছে। শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অকাতর পরিশ্রম করা অভিভাবকদেরও আলাদা করে ফুলাম গামোচা দিয়ে সংবর্ধিত করা হয়। উপস্থিত অভিভাবকদের অনেকের চোখেই ভেসে ওঠে আনন্দাশ্রু।

অনুষ্ঠানে আমসুর সভাপতি ইমতিয়াজ হোসেন, উপ-সভাপতি মোশাররফ হোসেন কবির, সম্পাদকদ্বয় মিন্নাতুল ইসলাম ও কদ্দুস আলি, সহকারী সম্পাদক ইকরামুল হোসেন, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন, লাহরিঘাট সমজেলা পুলিশসুপার অমরজ্যোতি শইকিয়া, নগাঁও প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম, লাহরিঘাট থানার ওসি আদিত্য বরা, লাহরিঘাটের জ্যেষ্ঠ সাংবাদিক রফিক উদ্দিনের পাশাপাশি বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা ভবিষ্যতে তাঁদের পড়াশোনায় আরও উৎসাহ যোগাবে বলে আশা ব্যক্ত করেন আয়োজক কমিটির কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *