চাঞ্চল্যকর হত্যাকাণ্ড, বন্ধ ঘর থেকে মেয়ে সহ দম্পতির দেহ উদ্ধার

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ নভেম্বর : ডিব্ৰুগড় জেলার দুলীয়াজানে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুলীয়াজানের কমলাবাড়ি এলাকায় একই পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতরা হলেন চন্দ্রকান্ত ভূঞা, তাঁর স্ত্রী এলিজা ভূঞা এবং তাঁদের কন্যা নীহারিকা ভূঞা।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। তবে এখনও পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তিনটি পৃথক কক্ষে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পরিবারের তিন সদস্যের মৃতদেহ উদ্ধার করে। তিনজনেরই মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। বাড়ির বাইরে থেকে কারও প্রবেশের সুযোগ ছিল না বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

দিনের বেলাতেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সন্দেহ পুলিশের। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, দিনের বেলাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উল্লেখ্য, ওই পরিবার নিজেদের বাড়ি নির্মাণের কাজ করাচ্ছিল। নির্মাণকাজে বেশ কয়েকজন রাজমিস্ত্রি নিযুক্ত ছিলেন। এমন পরিস্থিতিতে বাড়ির ভিতরে কীভাবে এবং কারা এই হত্যাকাণ্ড সংঘটিত করল, তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। তদন্তের পরই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *