বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কাছাড় জেলার কালাইন বাগান সড়কে রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তাজুল ইসলাম (৩৫) নামে এক পথচারী। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইকের দুই আরোহী মন্টু মুণ্ডা ও বিরেন মুণ্ডা। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার কালাইনের পেঁচাছড়া সাপ্তাহিক বাজার থেকে একটি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন তাজুল ইসলাম। সেই সময় দ্রুতগতিতে আসা একটি বাইক প্রথমে রাস্তার পাশের একটি সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পর নিয়ন্ত্রণ হারিয়ে তাজুল ইসলামের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত তিনজনকে কালাইন এফআরইউ-তে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত মন্টু মুণ্ডা ও বিরেন মুণ্ডার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কালাইন বাগান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। খবর পেয়ে কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা শুরু করেন। পরে কাটিগড়া সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকারও ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন। এরপর অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
্



